রাজধানীর দক্ষিণখানে একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে জান্নাত (২০) নামে এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০টার দিকে মাদ্রাসার পাঁচ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাত কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিম নামাপাড়া গ্রামের বাসিন্দা লোকমান হোসেনের মেয়ে। তিনি রাজধানীর দক্ষিণখান এলাকায় অবস্থিত নূরানী ট্রেনিং সেন্টার মাদ্রাসায় পড়াশোনা করছিলেন।
মাদ্রাসার শিক্ষক মো. আদনান মাহমুদ জানান, “রাতের দিকে হঠাৎ করেই জান্নাত মাদ্রাসার ছাদ থেকে নিচে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে দক্ষিণখান থানাকে অবহিত করা হয়েছে।”
মাদ্রাসা কর্তৃপক্ষ জান্নাতের মৃত্যুকে ‘দুর্ভাগ্যজনক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছে। তবে কীভাবে বা কী কারণে জান্নাত ছাদ থেকে পড়ে গেলেন, সে বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক 











