পার্থ রায়
মধুখালী উপজেলা প্রতিনিধি
আজ বুধবার ৮ অক্টোবর ফরিদপুরের মধুখালীতে সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)এর সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” উপলক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় ও কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল এবং সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ মামুন হাসান।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল আকন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মোঃ কবির সরদার, উপজেলা রিপ্রেজেন্টেটিভ সংগঠনের সভাপতি মো. জহিরুল ইসলাম লিটন, মসজিদের ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি চিকিৎসক ও নার্সসহ আরও অনেকে।
এই সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে মধুখালী উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে, যা চলবে ১৮ দিনব্যাপী। এ ক্যাম্পেইনে ৯ মাস বয়স থেকে শুরু করে ১৫ বছরের কম বয়সি শিশু-কিশোরদের টাইফয়েড প্রতিরোধক টিকা প্রদান করা হবে।
মধুখালী উপজেলায় মোট ৫৯,৮৪৭ জন শিশুকে এই টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, তাই অভিভাবকদের উচিত তাদের সন্তানদের টিকাদান কার্যক্রমে সম্পৃক্ত করা। জনসচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান তারা।
Reporter Name 









