মানিকগঞ্জের শিবালয়ে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় ৫ বখাটে যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ ঘটনায় রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা থানায় অভিযোগ দায়ের করলে আটককৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। শিবালয় থানার উপ-পুলিশ পরিদর্শক সুমন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হচ্ছে : শিবালয় উপজেলার সাতুরিয়া গ্রামের পান্নু শেখের ছেলে ইমরান শেখ (২৩), একই গ্রামের আলী চান খাঁর ছেলে আশিক খাঁ (২৪), চর ধু্লিয়ার বিষা খাঁর ছেলে শিপন খাঁ (২৪), পশ্চিম পয়লার তোতা শেখের ছেলে ইয়াছিন শেখ (২২) ও ভাঙ্গাবাড়ীর আজাহার আলীর ছেলে ফরিদ শেখ (২৩)।
অভিযোগে শুত্রে জানা যায়, ভুক্তভোগী ষাইটঘর তেওতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। রবিবার বিকেলে কোচিং শেষে ভুক্তভোগী ও তার সহপাঠী বাড়ী ফেরার পথিমধ্যে আবুলের বটতলা সংলগ্ন প্রি-ক্যাডেট স্কুলের সামনে ৫ বখাটে যুবক জোরপূর্বক তাদের পথরোধ করে শরীরের ওড়না ও হাত ধরে টানাটানি করে মাটিতে ফেলে যৌন হয়রানিসহ বিভিন্ন কু-প্রস্তাব দেয়।
এসময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে বখাটে যুবকদের আটক ও শিক্ষার্থীদের উদ্ধার করে। উত্তেজিত জনতা আটককৃত বখাটেদের উত্তম-মধ্যম শেষে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।
শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি : 









