মানিকগঞ্জে বিরল এক ঘটনার জন্ম দিয়েছে বসুন্ধরা গ্রুপের আফরোজা বেগম জেনারেল হাসপাতাল। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শয্যাশায়ী অবস্থাতেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এক হিন্দু দম্পতি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাসপাতালের একটি খালি রাখা অংশে আয়োজন করা হয় বিশেষ এ বিয়ের অনুষ্ঠান। দুর্ঘটনায় আহত বর আনন্দ সাহার দুই হাত ও এক পায়ে ব্যান্ডেজ থাকলেও নির্ধারিত লগ্নে বিয়ে সম্পন্ন করতে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ উদ্যোগ নেয়।
আনন্দ সাহার পরিবার জানায়, শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ায় চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম বলেন, রোগী মানিকগঞ্জ সদরের বাসিন্দা। বাইক দুর্ঘটনায় তার দুই হাত ও এক পায়ে গুরুতর আঘাত লাগে। আজ ছিল তার বিয়ের লগ্ন। পরিবার আমাদের বিষয়টি জানালে আমরা গুরুত্ব সহকারে কনসালটেন্টদের সঙ্গে আলোচনা করি। রোগীর অবস্থা আগের তুলনায় স্থিতিশীল হওয়ায় ক্যাবিনে নয়, হাসপাতালের অব্যবহৃত অংশে অনুষ্ঠান সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়। আমাদের কর্তৃপক্ষ সবসময় রোগীদের সেবায় আন্তরিক।
এই ব্যতিক্রমী আয়োজন মানিকগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মানিকগঞ্জ প্রতিনিধি : 









